ঢাকা, ৫ নভেম্বর ২০২৫: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রাণিসম্পদ খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে “Scaling-up Livestock Climate Actions to Enhance Nationally Determined Contributions (NDCs) – Phase II” শীর্ষক জাতীয় স্টেকহোল্ডার ভ্যালিডেশন কর্মশালা আজ রাজধানীর বনানীর হোটেল সারিনায় অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এবং বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় (MoFL)।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের সচিব আবু তাহির মোহাম্মদ জাবের ছিলেন অতিথি হিসেবে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (BLRI) মহাপরিচালক ড. শাকিলা ফারুক, এবং বাংলাদেশে FAO প্রতিনিধি মি. জিয়াওকুন শি। কর্মশালার সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান।
কর্মশালায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, গবেষক, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। তারা প্রাণিসম্পদ খাতে গ্রিনহাউজ গ্যাস (GHG) নির্গমন হ্রাস, জলবায়ু সহনশীল দুগ্ধ ও গরু উৎপাদন ব্যবস্থা এবং নেট-জিরো লক্ষ্যে টেকসই কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণকারী এক কর্মকর্তা জানান, “এই কর্মশালায় অংশ নিয়ে আমরা জলবায়ু সহনশীল প্রাণিসম্পদ ব্যবস্থাপনা এবং জাতীয় জলবায়ু লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় কৌশল নিয়ে গভীরভাবে আলোচনা করেছি। এটি নেট-জিরো নির্গমন লক্ষ্যে অগ্রসর হওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

বিশেষজ্ঞরা মনে করেন, প্রাণিসম্পদ খাতকে জলবায়ু অভিযোজনমূলক প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে শক্তিশালী করা গেলে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) ও জাতীয় জলবায়ু প্রতিশ্রুতি (NDCs) অর্জন ত্বরান্বিত হবে।







