ড. শফিকুর রহমানের অবসর উপলক্ষে বিএফআরআই–কক্সবাজার কেন্দ্রের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

২৩ নভেম্বর ২০২৫ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র, কক্সবাজার-এ সংগঠিত হলো প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান-এর অবসর উপলক্ষে এক আবেগময় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। দীর্ঘ কর্মজীবনের সাফল্য, অবদান ও স্মৃতিকে ঘিরে আয়োজিত এ অনুষ্ঠানে গবেষণা কেন্দ্রের কর্মকর্তা–কর্মচারী, সহকর্মী এবং অধস্তন গবেষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ড. শফিকুর রহমান তার পুরো কর্মজীবনে ছিলেন একজন নিবেদিতপ্রাণ বিজ্ঞানী, দূরদৃষ্টি সম্পন্ন গবেষক এবং প্রতিষ্ঠানের উন্নয়ন–অগ্রগতির একজন শক্তিশালী পথপ্রদর্শক। দীর্ঘদিন ধরে তিনি যেভাবে সামুদ্রিক মৎস্য গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং মাঠ পর্যায়ে গবেষণার প্রয়োগ নিশ্চিত করেছেন—তা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের জন্য এক অনন্য অর্জন।

এমএফটিএস পরিবারের সদস্যরা জানান, তাঁর শান্ত স্বভাব, আন্তরিক আচরণ এবং সহকর্মীদের প্রতি পিতৃত্বসুলভ মমতা সবার হৃদয়ে স্থায়ী ছাপ রেখে গেছে। বিদায়ের মুহূর্তে কেন্দ্রের কর্মকর্তা–কর্মচারীরা গভীর আবেগে আপ্লুত হয়ে স্যারের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।

ড. শফিকুর রহমানের নীরব পরিশ্রম, বৈজ্ঞানিক মনোভাব, গবেষণায় নিষ্ঠা ও পেশাদারিত্ব ভবিষ্যত গবেষকদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে—এমন মন্তব্য করেন বক্তারা।

শেষে তাঁর নতুন জীবনের যাত্রা সুস্থতা, শান্তি ও সুখে ভরে উঠুক—এই কামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।