ঢাকায় আজ শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে দুই দিনের কৃষিযন্ত্র ও প্রযুক্তি প্রদর্শনী। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) কার্যালয়ে এ মেলার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং বিসিআই যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে। এতে কৃষিযন্ত্র ও হালকা প্রকৌশল খাতের প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে।
সংগঠনের সভাপতি আলিমুল আহসান চৌধুরী জানান, দেশে কৃষিজমির পরিমাণ ক্রমেই হ্রাস পাচ্ছে এবং কৃষক সমাজের মধ্যে তরুণ প্রজন্মের অংশগ্রহণও কমছে। ফলে কৃষিতে যান্ত্রিকীকরণের বিকল্প নেই।
তিনি বলেন, “বিশ্বের বহু দেশে মোট জনসংখ্যার ১০ শতাংশেরও কম মানুষ কৃষির সঙ্গে যুক্ত থেকেও বাকি ৯০ শতাংশ মানুষের খাদ্য সরবরাহ নিশ্চিত করছে। এর মূল কারণ কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার। বাংলাদেশেও একই ধারা লক্ষ্য করা যাচ্ছে।”
বর্তমানে দেশের কৃষিযন্ত্র বাজারের আকার প্রায় ১ হাজার ২০০ কোটি থেকে ১ হাজার ৫০০ কোটি টাকা হলেও এর মধ্যে স্থানীয় প্রতিষ্ঠানগুলো মাত্র ৪০০ থেকে ৪৫০ কোটি টাকার যন্ত্রাংশ সরবরাহ করছে। বাকিটা আমদানিনির্ভর।
আলিমুল আহসান চৌধুরী আরও বলেন, সঠিক নীতিগত সহায়তা পেলে দেশীয় প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ও সরবরাহ ক্ষমতা বহুগুণে বৃদ্ধি করা সম্ভব। এতে কৃষি উৎপাদন আরও আধুনিক হবে এবং আমদানি নির্ভরতা কমবে।







