নৈতিকতা ও সততার মাধ্যমেই সেক্টরের জন্য কাজ করে যেতে চাই  — মোহাম্মদ ফাহিম

বাংলাদেশের ফিড শিল্প কৃষি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ও ক্রমবর্ধমান খাত। দেশটির প্রাণিসম্পদ, মৎস্য ও পোল্ট্রি খামার ব্যবস্থাপনা টেকসই রাখতে ফিড শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ শিল্প মূলত গবাদিপশু, হাঁস-মুরগি ও মাছের জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণসমৃদ্ধ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সঙ্গে যুক্ত।

গত দুই দশকে দেশে পোল্ট্রি ও মৎস্য খাতের দ্রুত সম্প্রসারণের ফলে ফিড শিল্পে বিপুল অগ্রগতি হয়েছে। বর্তমানে দেশে শতাধিক আধুনিক ফিড মিল কার্যক্রম চালাচ্ছে, যাদের মধ্যে অনেক প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের উৎপাদন প্রযুক্তি ও গুণগত মান নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ করছে।

ফিড উৎপাদনের জন্য ব্যবহৃত প্রধান কাঁচামাল হচ্ছে—ভুট্টা, গমের ভূষি, সয়াবিন মীল, রাইস ব্রান, সূর্যমুখী তেলবীজের খৈল, মাছের গুঁড়া, রক্তের গুঁড়া, ডাইক্যালসিয়াম ফসফেট, লবণ, ভিটামিন-খনিজ প্রিমিক্স ইত্যাদি। এসব উপকরণের বড় অংশ এখনো আমদানি নির্ভর, বিশেষত সয়াবিন মীল, মাছের গুঁড়া ও কিছু গুরুত্বপূর্ণ অ্যাডিটিভস বিদেশ থেকে সংগ্রহ করতে হয়। ফিড উৎপাদনের ইনগ্রিডিয়েন্ট বা কাঁচামাল নিরবিচ্ছিন্ন সরবরাহের জন্য দেশের হাজারো ট্রেডিং প্রতিষ্ঠানগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজ আমরা কথা বলবো তেমনি একজন ট্রেডারের সাথে। তিনি মোহাম্মদ ফাহিম। আইডিয়া ট্রেড কর্পোরেশন এর প্রোপাইটর। আলোচনার চুম্বক অংশ তুলে ধরা হলোঃ

ফিড নিউজ বিডি ডট কম: আপনার সম্পর্কে বলুন?

মোহাম্মদ ফাহিম: আমি মোহাম্মদ ফাহিম। আমার প্রতিষ্ঠান এর নাম আইডিয়া ট্রেড কর্পোরেশন। আমি বিবাহিত এবং পরিবার নিয়ে আমি ২২৪, ভুঁইয়া পাড়া, খিলগাঁও, ঢাকা-১২১৯ ঠিকানায় থাকি। চট্টগ্রামে আমার জন্ম ১২ সেপ্টেম্বর ১৯৮৮ সালে। তবে বাবার কর্মস্থলের সুবাদে শৈশব-কৈশোর কেটেছে দেশের বিভিন্ন স্থানে। ১৯৯৮ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমি বাবাকে হারাই। আমরা দুই ভাই এক বোন — আমি সবার ছোট।

আর্থিক সংকটের কারণে শিক্ষাজীবন খুব বেশি দূর এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। তবে জননী ট্রেনিং-এ চাকরিরত অবস্থায় জনাব হুমায়ূন কবির স্যার-এর বিশেষ স্নেহ ও দিকনির্দেশনা পেয়েছিলাম। আমার পোল্ট্রি শিল্পে কর্মজীবন শুরু ও প্রতিষ্ঠা পাওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন আমার মামা জনাব আব্দুল হালিম — যিনি আমার অনুপ্রেরণার উৎস।

ব্যবসায় আসার শুরুতে পরিচিত মুখদের পাশে না পেলেও, আল্লাহর রহমতে কিছু অসাধারণ মানুষ পেয়েছি যাদের ভালোবাসা, পরামর্শ ও সহযোগিতায় আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছি। তাদের মধ্যে অন্যতম: জনাব মাসুদুল হাসান, ডিরেক্টর, আব্দুল্লাহ পোল্ট্রি মিল, শিবপুর, নরসিংদী ও কৃষিবিদ আহসানুল আরিফ স্যার, সাবেক সিনিয়র অফিসার, আলো ফিড (প্রাণ আরএফএল), বর্তমানে আব্দুল মোনেম গ্রুপে কর্মরত। এছাড়াও আরও অনেকেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাকে সহযোগিতা করেছেন। তাদের সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

ফিড নিউজ বিডি ডট কম: আপনার প্রতিষ্ঠানটি কবে থেকে এই সেক্টরে কাজ শুরু করছে?

মোহাম্মদ ফাহিম: আমি ২০১৩ সাল থেকে পোল্ট্রি শিল্পে ট্রেডিং সেক্টরে কাজ শুরু করি চাকরির মাধ্যমে। তবে আনুষ্ঠানিকভাবে ২০২১ সালে সক্রিয়ভাবে এই শিল্পে যুক্ত হই ব্যবসায়ী হিসেবে এবং তখন থেকেই নিজস্ব কোম্পানিকে দাঁড় করানোর চেষ্টা করছি।

ফিড নিউজ বিডি ডট কম: শুরুতে কীভাবে ফিড উৎপাদনের ইনগ্রিডিয়েন্ট ব্যবসায় আসার সিদ্ধান্ত নেন?

মোহাম্মদ ফাহিম: জ্যামসন্স ইন্টারন্যাশনাল এবং পরবর্তীতে জননী ট্রেনিং-এ চাকরির সুবাদে আমি পোল্ট্রি শিল্পের কার্যক্রম সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করি। সেই অভিজ্ঞতা থেকেই নিজেকে এই শিল্পের একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিলাম।

ফিড নিউজ বিডি ডট কম: প্রথমে কোন প্রোডাক্ট দিয়ে যাত্রা শুরু করেছিলেন?

মোহাম্মদ ফাহিম: সর্বপ্রথম আমি সয়াবিন মিল, সয়াবিন সিড, ফুলফ্যাট, ভুট্টা এবং রেপসীড মিল নিয়ে ব্যবসা শুরু করি।

ফিড নিউজ বিডি ডট কম: বর্তমানে আপনি কি কি পণ্য নিয়ে কাজ করছেন?

মোহাম্মদ ফাহিম: বর্তমানে আমি সয়াবিন মিল, রেপসীড মিল, পোল্ট্রি মিল, ফিশমিল, ফিশ ওয়েল এবং বিভিন্ন ফিড অ্যাডিটিভস নিয়ে কাজ করছি।

ফিড নিউজ বিডি ডট কম: বর্তমানে আপনার প্রধান ক্রেতা কারা?

মোহাম্মদ ফাহিম: আমার প্রধান ক্রেতা হচ্ছেন ফিড মিলার, খামারি ও ট্রেডার্স। আমি সাধারণত ক্যাশ অন ডেলিভারি ভিত্তিতে ক্রয়-বিক্রয় করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।

ফিড নিউজ বিডি ডট কম: বছরে গড়ে কত মেট্রিক টন কাঁচামাল বা পণ্য আমদানি করেন?

মোহাম্মদ ফাহিম: আমি নিজে উৎপাদক নই, বরং লোকাল ট্রেডিং নিয়ে কাজ করছি। বর্তমান ইমপোর্ট করছি স্বল্প পরিসরে।

ফিড নিউজ বিডি ডট কম: বর্তমানে আপনার কয়টি প্রতিষ্ঠান আছে এবং তাদের কার্যক্রম কী?

মোহাম্মদ ফাহিম: বর্তমানে আমার দুটি প্রতিষ্ঠান রয়েছে — ১) আইডিয়া ট্রেড কর্পোরেশন (একক) ও ২) ওকেএম ট্রেডিং কর্পোরেশন (যৌথভাবে পরিচালিত)। প্রথমটি মূলত সরবরাহকারী প্রতিষ্ঠান এবং দ্বিতীয়টি আমদানিকারক প্রতিষ্ঠান।

ফিড নিউজ বিডি ডট কম: আপনি যে অ্যামিনো অ্যাসিড (যেমন Methionine, Lysine, Threonine) সরবরাহ করেন, সেগুলো কোন ব্র্যান্ড ও দেশের?

মোহাম্মদ ফাহিম: হ্যাঁ, আমি বিভিন্ন ফিড অ্যাডিটিভস যেমন L-Lysine, L-Arginine, L-Threonine, L-Tryptophan, L-Valine, DL-Methionine, MCP, DCP, Sodium Bicarbonate ইত্যাদি সরবরাহ করি। ব্র্যান্ডসমূহের মধ্যে আছে চায়নার মেইহুয়া, সিজে (CJ) এবং এভোনিক (Evonik)।

ফিড নিউজ বিডি ডট কম: চায়না, ইউরোপ বা অন্যান্য দেশের পণ্যগুলোর মধ্যে গুণগত পার্থক্য কীভাবে নির্ধারণ করেন?

মোহাম্মদ ফাহিম: বাস্তবতা হলো, বাংলাদেশের বাজারে খুব কম প্রতিষ্ঠানই প্রিমিয়াম গ্রেড পণ্য আমদানি করে। দেশজুড়ে গ্রেড ১ থেকে গ্রেড ৩ পর্যন্ত বিভিন্ন মানের পণ্য চলে, অথচ অধিকাংশ ফিড মিলে এখনও ফিড অ্যাডিটিভস বা ভিটামিনের মান যাচাইয়ের জন্য আধুনিক ল্যাব নেই।

ফিড নিউজ বিডি ডট কম: বর্তমানে সবচেয়ে বড় বাজার চ্যালেঞ্জগুলো কী?

মোহাম্মদ ফাহিম: বর্তমানে তিনটি প্রধান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি: ১) অযাচিত নতুন ইমপোর্টারদের আগমন, যারা সামান্য ব্যাংক সাপোর্টে পণ্য এনে “ফোর্স সেল” তৈরি করে বাজারে বিশৃঙ্খলা ঘটাচ্ছে। ২) কিছু বড় প্রতিষ্ঠানের দুর্নীতিগ্রস্ত অফিসারদের সিন্ডিকেট, যার কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা সুযোগ পাচ্ছে না। ৩) বৈশ্বিক ও অর্থনৈতিক মন্দা, যা অনেক প্রতিষ্ঠানের পতন ঘটাচ্ছে এবং ছোট উদ্যোক্তাদের ধ্বংস করছে সিন্ডিকেটের প্রভাবে।

ফিড নিউজ বিডি ডট কম: বাংলাদেশের ফিড ইন্ডাস্ট্রিজে কোন র’ ম্যাটেরিয়াল সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে বলে মনে করেন?

মোহাম্মদ ফাহিম: বর্তমানে পণ্যের ঘাটতি নেই, বরং সুস্থ ব্যবসায়িক পরিবেশ ও ইতিবাচক মানসিকতার ঘাটতি রয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরও যথাযথ বাজার বিশ্লেষণ ছাড়া NOC প্রদান করছে, যা অস্থিতিশীলতা তৈরি করছে।

ফিড নিউজ বিডি ডট কম: ভবিষ্যতে নতুন কোনো প্রযুক্তি পণ্য নিয়ে কাজের পরিকল্পনা আছে কি?

মোহাম্মদ ফাহিম: বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে এখনই নতুন উদ্যোগ নেওয়ার সময় পাইনি। তবে ভবিষ্যতে নিজস্ব একটি ফিড মিল প্রতিষ্ঠা করার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ।

ফিড নিউজ বিডি ডট কম: বাংলাদেশের ফিড উৎপাদনের ইনগ্রিডিয়েন্ট এর মার্কেট কতটা প্রতিযোগিতামূলক?

মোহাম্মদ ফাহিম: এখন বাজারে প্রতিযোগিতা অনেক বেড়েছে। অনেক ফিড মিল নিজেরাই র-ম্যাটেরিয়াল আমদানি করে, পাশাপাশি বড় ট্রেডিং হাউসগুলোও সক্রিয়। ছোট ট্রেডারদের সংখ্যা বাড়ছে, কিন্তু ফিড মিলের সংখ্যা কমছে। আমি চাই সরকার ক্ষুদ্র ও মাঝারি ফিড মিলগুলোকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিক।

ফিড নিউজ বিডি ডট কম: দাম ও মানের দিক থেকে আপনার প্রোডাক্টের অবস্থান কেমন?

মোহাম্মদ ফাহিম: আমি মূলত দামের ভারসাম্য ও মান ধরে রাখার দিকেই মনোযোগ দিচ্ছি, যাতে কঠিন সময়েও নিজের ব্যবসায়িক মূল্যবোধ বজায় রাখতে পারি।

ফিড নিউজ বিডি ডট কম: ডলারের দামের ওঠানামা আপনার ব্যবসায় কীভাবে প্রভাব ফেলে?

মোহাম্মদ ফাহিম: ডলারের দামের উত্থান-পতনে টাকার মান কমছে। এখন মুনাফা প্রায় ০.০৫% এর নিচে, অথচ সরকার ১% টার্নওভার ট্যাক্স নিচ্ছে — ফলে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যাচ্ছে।

ফিড নিউজ বিডি ডট কম: কাস্টমস, আমদানি বা এলসি সংক্রান্ত কোনো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কি?

মোহাম্মদ ফাহিম: আমি সম্প্রতি আমদানি শুরু করেছি, তাই এখন পর্যন্ত কোনো বড় সমস্যা পাইনি।

ফিড নিউজ বিডি ডট কম: আমদানিকৃত পণ্যের গুণগত মান আপনি কীভাবে যাচাই করেন?

মোহাম্মদ ফাহিম: আমরা কাস্টমস পর্যায়ে এবং পণ্য ফিড মিলে পৌঁছানোর পর গুণগত মান যাচাই করি। যতটা সম্ভব উচ্চমানের পণ্য ক্রয় ও সরবরাহের চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ভালো সাড়া পাচ্ছি।

ফিড নিউজ বিডি ডট কম: পণ্য দেশে আসার পর স্টোরেজ ও ডেলিভারি প্রক্রিয়ায় কোন বিশেষ ব্যবস্থা নেন?

মোহাম্মদ ফাহিম: আমাদের C&F, ট্রান্সপোর্ট ও ওয়্যারহাউজিং— সবকিছুই পূর্বনির্ধারিত এবং নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন হয়।

ফিড নিউজ বিডি ডট কম: গ্রাহকদের অভিযোগ বা সমস্যা সমাধানে কীভাবে দ্রুত সাড়া দেন?

মোহাম্মদ ফাহিম: আমি ব্যক্তিগতভাবে গ্রাহকদের অভিযোগকে খুব গুরুত্ব দিয়ে দেখি। কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পণ্য ফেরত বা মেইনটেন্যান্সের মাধ্যমে সমাধান করি।

ফিড নিউজ বিডি ডট কম: বাংলাদেশের ফিড সেক্টরের ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন?

মোহাম্মদ ফাহিম: যতদিন পর্যন্ত সিন্ডিকেট, দালাল চক্র ও দুর্নীতি বন্ধ না হবে, ততদিন পর্যন্ত এ খাতে আশানুরূপ উন্নতি সম্ভব নয়। তবে এসব বন্ধ করতে পারলে এই শিল্প ৫০ লাখ থেকে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করতে সক্ষম।

ফিড নিউজ বিডি ডট কম: পরিবেশবান্ধব বা সাসটেইনেবল ফিড উপাদান নিয়ে আপনার মতামত কী?

মোহাম্মদ ফাহিম: আমি মনে করি, বড় ফিড মিলগুলোর স্টাফদের বৈদেশিক প্রশিক্ষণ ও ভ্রমণের সুযোগ বাড়ানো উচিত, যাতে তারা বিদেশের প্রযুক্তি শিখে দেশে প্রয়োগ করতে পারেন।

ফিড নিউজ বিডি ডট কম: আগামী ৫ বছরে আপনার প্রতিষ্ঠানের লক্ষ্য বা পরিকল্পনা কী?

মোহাম্মদ ফাহিম: বর্তমানে বৈশ্বিক মন্দার সাথে লড়াই করছি। ভবিষ্যতে নিজের একটি ছোট কিন্তু পূর্ণাঙ্গ ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রতিষ্ঠা করাই আমার প্রধান লক্ষ্য।

ফিড নিউজ বিডি ডট কম: তরুণ উদ্যোক্তারা যদি এই খাতে আসতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কী হবে?

মোহাম্মদ ফাহিম: এই ব্যবসায় সফল হতে হলে লোভ ত্যাগ করতে হবে এবং লাভের চেয়ে নিজের নৈতিক মূল্যবোধ ও সম্মানকে অগ্রাধিকার দিতে হবে। সবশেষে আমি একটাই কথা বলতে চাই, দুর্নীতিগ্রস্ত অফিসার, সিন্ডিকেট সদস্য, স্বজনপ্রীতি লোকজন, মানি লন্ডারিং ও হুন্ডি ব্যবসায়ীরা যেন আমাদের এই সুন্দর পোল্ট্রি শিল্পে প্রবেশ করতে না পারে। কারণ এরা শুধু ব্যবসার পরিবেশই নয়, আমাদের সমাজ, সংস্কৃতি ও দেশের অর্থনীতি সবকিছু ধ্বংসের মুখে ঠেলে দেয়। আমাদের সকলেরই উচিত এই শিল্পকে সৎ, স্বচ্ছ ও নৈতিকভাবে পরিচালনা করা, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ও টেকসই পোল্ট্রি সেক্টর গড়ে তোলা যায়।

ফিড নিউজ বিডি ডট কম: ধন্যবাদ আপনাকে ফাহিম ভাই।

মোহাম্মদ ফাহিম: আপনাকেও ধন্যবাদ।