ফেনীতে আউশ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, ২৪৭০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

ফেনী সদর উপজেলার অডিটোরিয়ামে আজ (১১ এপ্রিল ২০২৬) ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আউশ প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ফেনী-২ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন।

অনুষ্ঠানে সদর উপজেলার মোট ২,৪৭০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়, যাতে আউশ ধানের আবাদ বৃদ্ধি পায় এবং কৃষকরা উৎপাদনে উৎসাহিত হন।

ফেনী সদর উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মাসুদ হোসেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের এসএপিপিও মনসুর আহমেদ, উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক-কৃষানী এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের মাঝে সময়মতো উন্নতমানের বীজ ও সার সরবরাহ করা হলে আউশ ধানের আবাদ বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।