| বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর সভাকক্ষে আজ ২৪ মার্চ ২০২৬ কৃষি মন্ত্রণালয়ের সচিব জনাব রফিকুল ই মোহামেদ-এর উপস্থিতিতে কাউন্সিলের বিজ্ঞানী ও কর্মকর্তাদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিএআরসি’র চলমান গবেষণা কার্যক্রম, উদ্ভাবনী প্রযুক্তির উন্নয়ন ও সম্প্রসারণ এবং দেশের কৃষিখাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই কৃষি উন্নয়নে গবেষণার ভূমিকা নিয়েও মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা। প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব জনাব রফিকুল ই মোহামেদ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি বিজ্ঞানীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পরিবর্তনশীল জলবায়ু পরিস্থিতিতে আধুনিক, উদ্ভাবনী ও জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষিখাতকে আরও শক্তিশালী করতে হবে। এ ক্ষেত্রে গবেষকদের আরও সক্রিয় ও গতিশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সভায় বিএআরসি’র বিজ্ঞানী ও কর্মকর্তারা তাদের গবেষণা কার্যক্রমের অভিজ্ঞতা, অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তারা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দেশের কৃষি খাতকে আরও এগিয়ে নেওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিএআরসি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। |







