ব্রাজিলে রেকর্ড সয়াবিন উৎপাদনের আভাস

বিশ্বের অন্যতম শীর্ষ সয়াবিন উৎপাদক ও রফতানিকারক দেশ ব্রাজিলে ২০২৫-২৬ বিপণন বর্ষে নতুন উৎপাদন রেকর্ড গড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দেশটির সরকারি পূর্বাভাস অনুযায়ী, চলতি মৌসুমে মোট সয়াবিন উৎপাদন প্রায় ১৭ কোটি ৮০ লাখ টনে পৌঁছাতে পারে।

প্রতিবেদন বলছে, ফেব্রুয়ারির শুরু পর্যন্ত ব্রাজিলে মোট আবাদি জমির প্রায় ১৭ দশমিক ৪ শতাংশ থেকে সয়াবিন সংগ্রহ সম্পন্ন হয়েছে। তবে মধ্য ও উত্তরাঞ্চলে ঘন ঘন বৃষ্টিপাতের কারণে কিছু এলাকায় ফসল কাটার গতি কিছুটা ধীর হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ পরিস্থিতি এখন পর্যন্ত সামগ্রিক উৎপাদনমান বা ফলনের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেনি।

দেশটির প্রধান কৃষি উৎপাদন অঞ্চল মাতো গ্রোসো অঙ্গরাজ্যে ইতোমধ্যে প্রায় অর্ধেক সয়াবিন ক্ষেত থেকে ফসল তোলা হয়েছে। খাতসংশ্লিষ্টদের ধারণা, প্রত্যাশিত এই রেকর্ড ফলন বৈশ্বিক তেলবীজ ও শস্যবাজারে ব্রাজিলের অবস্থান আরও শক্তিশালী করতে পারে।

অন্যদিকে, ২০২৫-২৬ মৌসুমে ব্রাজিলে দ্বিতীয় দফার ভুট্টা উৎপাদন প্রায় ১০ কোটি ৯২ লাখ ৬০ হাজার টনে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এটি আগের মাসের অনুমানের তুলনায় কিছুটা কম এবং গত বছরের উৎপাদনের চেয়ে প্রায় ৩ দশমিক ৫ শতাংশ কম। ব্রাজিলের মোট ভুট্টা উৎপাদনের বড় অংশই আসে এই দ্বিতীয় ফসল থেকে, যা বছরের দ্বিতীয়ার্ধে প্রধানত রফতানিমুখী হয়ে থাকে এবং আন্তর্জাতিক বাজারে মার্কিন ভুট্টার সঙ্গে প্রতিযোগিতা করে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে দ্বিতীয় দফার ভুট্টার আবাদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ নাগাদ নির্ধারিত জমির প্রায় ২১ দশমিক ৬ শতাংশে বপন সম্পন্ন হয়েছে, যা সাম্প্রতিক বছরের গড় অগ্রগতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং আগের মৌসুমের তুলনায় এগিয়ে রয়েছে।