আধুনিক পদ্ধতিতে ধান চাষাবাদের কৌশল বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরিশাল, ২২ জুলাই ২০২৬: আধুনিক প্রযুক্তিনির্ভর ধান চাষের সম্প্রসারণ এবং কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে বরিশালে “আধুনিক পদ্ধতিতে ধান চাষাবাদের কৌশল” শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) নগরীর সাগরদীতে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) আঞ্চলিক কার্যালয়ের নিজস্ব হলরুমে এ প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ চাষাবাদ পদ্ধতি অনুসরণ করলে ধানের উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষকের লাভজনকতা নিশ্চিত করা সম্ভব। তিনি কৃষকদের মাঠ পর্যায়ে এসব প্রযুক্তি বাস্তবায়নের আহ্বান জানান।

ব্রির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাসিনা খাতুন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) এস. এম. নাহিদ বিন রফিক এবং ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা রেজোয়ান বিন হাফিজ প্রান্ত।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, উন্নত জাতের ধান চাষ, সুষম সার ব্যবস্থাপনা, আধুনিক সেচ পদ্ধতি, রোগ-বালাই দমন এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের দক্ষ করে তোলার মাধ্যমে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

দিনব্যাপী এ প্রশিক্ষণে বরিশালের বিভিন্ন উপজেলার ৫৪ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের আধুনিক ধান চাষাবাদের বিভিন্ন কলাকৌশল, উৎপাদন ব্যবস্থাপনা এবং মাঠ পর্যায়ে প্রযুক্তির কার্যকর প্রয়োগ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের ফলে দেশের ধান উৎপাদন আরও বৃদ্ধি পাবে, যা জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।