ইউএফটিবি ও ব্যাটারি লো ইন্টার‌্যাকটিভ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক

ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন জোরদার করার লক্ষ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) এবং ব্যাটারি লো ইন্টার‌্যাকটিভ লিমিটেডের মধ্যে Industrial Training এবং Institutional Collaboration বিষয়ে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১:৩০ টায় ইউএফটিবির প্রশাসনিক ভবনের কনফারেন্স রুম-০১-এ এ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইউএফটিবির ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কলাবোরেশন সেল (এনআইসিসি)-এর আয়োজনে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন,রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান এবং ব্যাটারি লো ইন্টার‌্যাকটিভ লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মিনহাজ-উস-সালেকীন ফাহমি। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনআইসিসি সেলের সহযোগী পরিচালক মোঃ আহসান হাবীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআইসিসি-এর পরিচালক মো: তৌকির আহম্মেদ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ আবু ইউসুফ বলেন, এ উদ্যোগ দেশের উচ্চশিক্ষা ও ইন্ডাস্টির মধ্যে কার্যকর সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা অর্জনে সহায়ক হবে।

তিনি বলেন, ভার্চুয়াল রিয়েলিটি (VR), অগমেন্টেড রিয়েলিটি (AR) এবং মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট খাতে ব্যাপক কাজের সুযোগ রয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে কীভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাস্তব দক্ষতা অর্জন করতে পারে এবং একই সঙ্গে ব্যাটারি লো ইন্টার‌্যাকটিভ লিমিটেডের সঙ্গে যৌথভাবে উদ্ভাবনী কাজ করার বিষয়ে গুরুত্ব দিতে হবে।

মাননীয় উপাচার্য বলেন, শুধু প্রশিক্ষণ ও সার্টিফিকেটনির্ভর না হয়ে শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রজেক্ট, গবেষণা ও প্রোডাক্ট ডেভেলপমেন্টে সম্পৃক্ত হতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেমন কর্মক্ষেত্রে নিজেদের যোগ্য করে তুলতে পারবে, তেমনি বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন গড়ে উঠবে।