| গাজীপুরে “উচ্চমূল্য ফসলের বীজ উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষক প্রশিক্ষণ (ToT) অনুষ্ঠিত হয়েছে। ০৬-০৭ মে ২০২৬ তারিখে সেমিনার কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর বীজ প্রযুক্তি বিভাগ। প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। এতে উচ্চমূল্য ফসলের মানসম্মত বীজ উৎপাদন, সংরক্ষণ কৌশল, বীজের গুণগত মান বজায় রাখা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, উন্নতমানের বীজ কৃষি উৎপাদন বৃদ্ধির অন্যতম প্রধান উপাদান। তাই কৃষকদের কাছে নির্ভরযোগ্য ও উচ্চমানের বীজ পৌঁছে দিতে দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণটি জিআইজেড এবং ইফাদ-এর অর্থায়নে এবং বীজ প্রযুক্তি বিভাগের বাস্তবায়নে পরিচালিত হচ্ছে, যা স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি)-এর আওতায় বাস্তবায়িত হচ্ছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে আধুনিক বীজ প্রযুক্তি সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবেন এবং দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে অবদান রাখবেন। |







