এলডিডিপি প্রকল্পের সফল বাস্তবায়নে শেরপুরে প্রাণিসম্পদ কর্মীদের সংবর্ধনা

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে অবদান রাখায় শেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে লাইভস্টক এক্সটেনশন অফিসার (এলইও), লাইভস্টক ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (এলএফএ), লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) এবং মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের গাড়িচালককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডা. মো. আনোয়ার হোসেন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. মোহাম্মদ রুকুনুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলুল হক।

অনুষ্ঠানে এলডিডিপি প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সার্বিক দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতার স্বীকৃতিস্বরূপ ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক ভূঁইয়ার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলডিডিপি, শেরপুর সদর-এর লাইভস্টক এক্সটেনশন অফিসার ডা. জুলকাফর রাজীব, লাইভস্টক ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মিজ আফরিনা আক্তার, বিভিন্ন ইউনিয়নের লাইভস্টক সার্ভিস প্রোভাইডারবৃন্দ এবং মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের গাড়িচালক সোহেল রানা। এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের রাজস্ব ও প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. ওয়ালিফা জাহান কনা।

বক্তারা বলেন, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাঠপর্যায়ের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের নিষ্ঠা ও আন্তরিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও খামারিদের সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।