| পোল্ট্রি খাতের সংশ্লিষ্ট সবাইকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে জনস্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’—এই দর্শনে বিশ্বাসী। তাই দেশের সামগ্রিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
রোববার (১৯ এপ্রিল ২০২৬) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রাণিসম্পদ খাত নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের অগ্রগতির জন্য সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকার পোল্ট্রি খাতের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এবং ২০৩০ সালের মধ্যে এ খাতকে রপ্তানিমুখী পর্যায়ে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি ক্ষুদ্র খামারিদের গুরুত্ব তুলে ধরে বলেন, ছোট খামারিরা টিকে না থাকলে বড় খামারিরাও টিকে থাকতে পারবে না। বর্তমানে একটি ডিম উৎপাদনে প্রায় ৯ টাকা খরচ হলেও খামারিরা তা ৭ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন, ফলে প্রতিটি ডিমে গড়ে ২ টাকা লোকসান হচ্ছে। ভ্যাকসিন আমদানির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি খামারি, ফিড উৎপাদক, বাচ্চা উৎপাদক থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত সংশ্লিষ্ট সকলের মধ্যে ‘উইন-উইন’ পরিস্থিতি নিশ্চিত করতে হবে, যাতে ভোক্তার ওপর বাড়তি চাপ না পড়ে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মসিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন (বাংলাদেশ শাখা)-এর সভাপতি শামসুল আরেফিন খালেদ। স্বাগত বক্তব্য দেন ফিড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক। |







