| আগামী ৩ জানুয়ারি ২০২৬, দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত গুচ্ছ পদ্ধতিতে দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১৫ ডিসেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত।
১৪ নভেম্বর (শুক্রবার) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ১ম সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন গাকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়াসহ ৮টি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর সরাসরি উপস্থিত ছিলেন এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর অনলাইনে যুক্ত ছিলেন। উল্লেখ্য, এবারের ভর্তি কার্যক্রমের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। |







