| কৃষি তথ্য বিস্তার এবং কৃষি উন্নয়নে গণমাধ্যমের কার্যকর ভূমিকা নিয়ে বরিশালে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) কৃষি তথ্য সার্ভিসের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে কৃষি, গবেষণা ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, গবেষক এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। তিনি বলেন, কৃষি খাতের আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও সফলতার তথ্য দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষকের প্রয়োজনভিত্তিক তথ্য প্রচারের মাধ্যমে দেশের কৃষি উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. কামরুল হাসান। তিনি কৃষি তথ্য ব্যবস্থাপনা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং কৃষি উন্নয়নে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরেন। সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান। কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য দেন ডিএই বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, পটুয়াখালীর অতিরিক্ত উপপরিচালক মো. শাহাদাত হোসেন, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আরিফুর রহমান, বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক হাসনাইন ইমতিয়াজ, দৈনিক ইনকিলাবের ব্যুরো চিফ মো. নাছিমউল আলম, দৈনিক প্রথম আলোর ব্যুরো চিফ জসীম উদ্দীন এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন প্রমুখ। বক্তারা কৃষি তথ্য প্রচারে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, কৃষি সাংবাদিকতার উন্নয়ন এবং কৃষকদের কাছে নির্ভুল ও সময়োপযোগী তথ্য পৌঁছে দেওয়ার গুরুত্বের ওপর জোর দেন। তারা বলেন, কৃষি খাতের টেকসই উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি তথ্যের সহজলভ্যতা এবং গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সেমিনারে অংশগ্রহণকারী সাংবাদিক, কৃষি কর্মকর্তা ও গবেষকরা কৃষি তথ্য প্রচারের বিভিন্ন চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে কৃষি উন্নয়ন ও তথ্যপ্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। |







