খামারিদের দ্রুত ফিড সরবরাহে ধামরাইয়ে কেয়ার ফিডের তৃতীয় ইউনিট উদ্বোধন

ঢাকার ধামরাইয়ে কেয়ার ফিডের তৃতীয় উৎপাদন ইউনিট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। নতুন এই ইউনিটের মাধ্যমে পোল্ট্রি ফিড উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। কেয়ার ফিড তামিম গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। খামারিদের কাঙ্ক্ষিত মানের ফিড সরবরাহ করে আস্থা অর্জনের ফলে দিন দিন কেয়ার ফিডের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ক্রমবর্ধমান এই চাহিদা পূরণ এবং সেবা সম্প্রসারণের লক্ষ্যেই ঢাকার ধামরাইয়ে তৃতীয় উৎপাদন ইউনিট স্থাপন করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নতুন এই ইউনিট চালু হওয়ায় ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের ডিলার এবং খামারিদের কাছে দ্রুততম সময়ে পোল্ট্রি ফিড সরবরাহ করা সম্ভব হবে। এর ফলে সরবরাহ ব্যবস্থাপনা আরও গতিশীল হবে এবং খামারিরা সহজে মানসম্মত ফিড পেতে পারবেন বলে আশা করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে কেয়ার ফিডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানের ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ আরিফুর রহমান, ডিরেক্টর (প্রকিউরমেন্ট) মোহাম্মদ সায়েম হাসান এবং চিফ অপারেটিং অফিসার মো. এম এ মালেকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেন, নতুন এই উৎপাদন ইউনিট চালুর মাধ্যমে দেশের পোল্ট্রি খাতে খামারিদের জন্য মানসম্মত ফিড সরবরাহ আরও সহজ ও দ্রুততর হবে। পাশাপাশি কেয়ার ফিডের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কেয়ার ফিডের এই অগ্রযাত্রায় সহযোগিতা ও সমর্থন দেওয়ার জন্য সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।