বাংলাদেশ লাইভস্টক সোসাইটির শুভেচ্ছা: অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজশাহীকে অভিনন্দন প্রদান

গতকাল ১৯ নভেম্বর, ২০২৫ তারিখ বিকেল সাড়ে চারটায় রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মোহাঃ সবুর আলী-এর দপ্তরে এক শুভেচ্ছা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (BLS)-এর পক্ষ থেকে তার নতুন দায়িত্বে যোগদান উপলক্ষে এই শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।

সোসাইটির পক্ষে একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডীন, রোটারিয়ান প্রফেসর ড. মোঃ জালাল উদ্দিন সরদার। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রোটারিয়ান ড. মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ, কোষাধ্যক্ষ মোঃ এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক মিসেস সেলিনা বেগম, জাহিদ, সুমন ও অন্যান্য পদের কর্মকর্তাবৃন্দ।

এসময় বক্তারা জেলা পর্যায়ে সার্বিক উন্নয়ন, বিশেষ করে কৃষি ও প্রাণিসম্পদ খাতের টেকসই অগ্রগতিতে অতিরিক্ত জেলা প্রশাসকের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তারা তাদের দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে, ড. মোহাঃ সবুর আলী-এর গভীর দূরদর্শিতা, দক্ষতা ও সততা রাজশাহী জেলার সার্বিক উন্নয়নকে গতিশীল করবে, বিশেষত প্রাণিসম্পদ খাতের উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে।

বাংলাদেশ লাইভস্টক সোসাইটির পক্ষ থেকে প্রাণিসম্পদ খাতের সাথে সংশ্লিষ্ট সকল স্তরের স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় করে এই গুরুত্বপূর্ণ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং এর পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে নতুন অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (BLS) প্রাণিসম্পদ বিষয়ক গবেষণা, জ্ঞান বিনিময় এবং এই খাতের উন্নয়নে নিবেদিত একটি পেশাজীবী সংগঠন।