| বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল ওয়েলফেয়ার ক্লাব (ভি-ম্যাক) এবং গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)-এর উদ্যোগে ‘বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন ও ভ্যাক্সিনেশন প্রোগ্রাম’ সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে স্থানীয় খামারি ও পশুপালকদের গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান এবং বিভিন্ন রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়। স্বাস্থ্যসেবা প্রদান করেন গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষকবৃন্দ ও ভেটেরিনারি টিচিং হাসপাতালের চিকিৎসক ডা. রুহুল আমিন। এ কর্মসূচিতে প্রায় ১,০১২টি প্রাণীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর মধ্যে ভেড়া ২০টি, ছাগল ৩৮টি, পোল্ট্রি ৮৮৭টি, গরু ৬৭টি এবং কুকুর-বিড়াল ১৪টি ছিল। বিনামূল্যে এ সেবা পেয়ে স্থানীয় খামারি ও পশুপালকরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। ভি-ম্যাকের সাধারণ সম্পাদক মো. আনসারুজ্জামান সিয়াম বলেন, “সেবা নিতে আসা সকল খামারিকে আমরা যথাযথ সেবা দিতে পেরেছি বলে আমরা আশাবাদী। আমাদের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মাঝে প্রাণিসম্পদ ও পশুপাখির স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। আজকের এই কর্মসূচি শুধু খামারিদের জন্যই উপকারী নয়, ভেটেরিনারি শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও আমরা এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখব, যাতে প্রাণিসম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ ও সুরক্ষার বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে।” ভি-ম্যাকের সভাপতি তারেক জাহান বলেন, “আমাদের আজকের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো খামারি ও পশুপালকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং পশু-পাখির বিভিন্ন রোগবালাই সম্পর্কে তাদের জ্ঞানের পরিধি বিস্তৃত করা। অনেক সময় সঠিক পরিচর্যা, নিয়মিত টিকাদান ও প্রয়োজনীয় চিকিৎসা সম্পর্কে পর্যাপ্ত ধারণার অভাবে খামারিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হন। আমরা চাই তারা যেন সহজেই সঠিক পরামর্শ ও প্রয়োজনীয় সেবা পান, যাতে তাদের প্রাণিসম্পদ সুস্থ, নিরাপদ ও উৎপাদনশীল থাকে।” গকসুর সাধারণ সম্পাদক রায়হান খান বলেন, “আজকের বিনামুল্যে ভেটেরিনারি চিকিৎসা সেবা ও টিকাদান কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল খামারি ও পশুপালকদের মাঝে প্রাণিসম্পদ ও পশু-পাখির স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। প্রাণিসম্পদের সু-স্বাস্থ্য কেবল খামারির অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে নয়; বরং জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। এ ধরনের আয়োজন রোগ প্রতিরোধ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল দ্য এসিএমই ল্যাবরেটরিজ লিমিটেড, কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড এবং এফএনএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। |







