| কৃষি ও প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার জোরদার করতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC)-এর প্রাণিসম্পদ বিভাগ আয়োজিত ‘Basic Training Program on Bioinformatics for Sustainable Development in Agriculture’ শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) বিএআরসি’র কম্পিউটার ল্যাবে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ ছালাম। তিনি বলেন, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতে কম্পিউটার ও জীববিজ্ঞানের সমন্বিত বিজ্ঞান বায়োইনফরমেটিক্সের প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে রোগ নিয়ন্ত্রণ এবং উন্নত জাত উদ্ভাবনে বৈপ্লবিক পরিবর্তন আসছে। তিনি আরও বলেন, স্মার্ট প্রযুক্তির ব্যবহার ও নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং বেকারত্ব দূর করে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নাথুরাম সরকার, নির্বাহী পরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশন এবং সাবেক মহাপরিচালক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএআরসি’র সদস্য পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) এবং প্রশিক্ষণের কোর্স-পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রাণিসম্পদ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলী আকবর ভুঁইয়া। এ প্রশিক্ষণে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ মোট ১২টি প্রতিষ্ঠান থেকে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বায়োইনফরমেটিক্স বিষয়ে বিশেষজ্ঞদের রিসার্চ পারসন হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক বায়োইনফরমেটিক্স জ্ঞান ও দক্ষতা অর্জন করে প্রাণিসম্পদ খাতে গবেষণা ও উৎপাদন উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। |







