গাজীপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ও ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, গাজীপুর সদর-এর আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি), বোর্ড বাজার ক্যাম্পাসে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ও ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক এর আদেশক্রমে এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, গাজীপুর-এর নির্দেশনা অনুযায়ী ভেটেরিনারি অফিসার, গাজীপুর সদর-এর সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পেইন বাস্তবায়ন করা হয়। ভাইস-চ্যান্সেলরের অনুমতিক্রমে ক্যাম্পাসে অবস্থানরত সকল বিড়ালের ভ্যাকসিনেশন ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ কার্যক্রমে পোষাপ্রাণীপ্রেমী নাসিতা বিনতে নাসির (ছাত্রী) ও তাঁর টিম গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করেন।

ক্যাম্পেইনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন মিয়ার উপস্থিতিতে নিরলসভাবে সেবা প্রদান করেন ভেটেরিনারি সার্জন ডা. হারুন আল রশিদসহ উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ আসিফুজ্জামান মোহন, আল আমিন, ঝোটন দেবনাথ ও মো. আরিফ।

উদ্যোক্তারা জানান, পোষাপ্রাণীর স্বাস্থ্য সুরক্ষা ও জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ক্যাম্পেইনটি সাফল্যের সাথে সম্পন্ন হওয়ায় আয়োজক কর্তৃপক্ষ আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।