রাঙামাটি অঞ্চলে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), উপকেন্দ্র খাগড়াছড়ির উদ্যোগে “রাঙামাটি অঞ্চলে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহের সম্প্রসারণ ও বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভুক্তকরণ” শীর্ষক আঞ্চলিক কর্মশালা ১৮ জানুয়ারি ২০২৬ বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি “বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।

কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন রিগ্যান গুপ্ত, বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিনা উপকেন্দ্র খাগড়াছড়ি। পরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোঃ মাহবুবুল আলম তরফদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক, “বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্প। তিনি বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত ও প্রযুক্তির বৈশিষ্ট্য, রাঙামাটি অঞ্চলে সম্প্রসারণ সম্ভাবনা এবং বাস্তবায়ন সংক্রান্ত বিদ্যমান চ্যালেঞ্জসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন।

এরপর কৃষিবিদ আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা মাঠপর্যায়ের বাস্তবতা, কৃষকদের সমস্যা ও প্রযুক্তি সম্প্রসারণে করণীয় বিষয়সমূহ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আশিকুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপ-প্রকল্প পরিচালক, “বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্প, বিনা, ময়মনসিংহ।

উপস্থাপনা পরবর্তী উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী কর্মকর্তাবৃন্দ বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তির কার্যকর সম্প্রসারণে বিদ্যমান প্রতিবন্ধকতা, সম্ভাবনা ও সুপারিশসমূহ তুলে ধরেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শরিফুল হক ভূঁইয়া, মহাপরিচালক, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), ময়মনসিংহ। সভাপতিত্ব করেন কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ, অতিরিক্ত পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙামাটি অঞ্চল। তাঁরা পার্বত্য অঞ্চলে কৃষি গবেষণা কার্যক্রম জোরদারকরণ এবং প্রযুক্তি সম্প্রসারণে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় গণভোট ২০২৬ বিষয়ে সচেতনতামূলক প্রচারণাও পরিচালিত হয়।