জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ শুরু হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্দেশ্য হলো দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সম্প্রসারণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল রপ্তানির সম্ভাবনা তুলে ধরা। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে কৃষি ও মৎস্য এবং প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, কৃষি উদ্যোক্তা ও কৃষকদের স্টল পরিদর্শন করেন এবং আধুনিক চাষাবাদ ও সংরক্ষণ প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন।

উদ্বোধন ও স্টল পরিদর্শনের পর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলাম মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত সচিব মো. সেলিম খান।

সেমিনারে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাসনাত মোহাম্মাদ সোলায়মান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. এম. এ. রহিম এবং ড. মুহাম্মদ রাশীদ আহমদ। সেমিনারে ফল খাতের বর্তমান অবস্থা, আধুনিক সংরক্ষণ প্রযুক্তি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ফল রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, দেশে বিভিন্ন ফলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ফলের চাহিদা বাড়ছে। তিনি নিরাপদ ও মানসম্মত ফল উৎপাদন, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা এবং রপ্তানি বৃদ্ধি করা সরকারের অগ্রাধিকার বলে উল্লেখ করেন।

মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে কৃষক, কৃষি উদ্যোক্তা, গবেষণা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি সংস্থা অংশ নিচ্ছে। এখানে দেশীয় মৌসুমি ও অপ্রচলিত ফল, ফলভিত্তিক প্রক্রিয়াজাত পণ্য এবং উন্নত কৃষিপ্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। জাতীয় ফল মেলা-২০২৬ আগামী ২০ জুন পর্যন্ত চলবে এবং প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।