| বিদেশফেরত অভিবাসী কর্মীদের অর্থনৈতিকভাবে পুনরায় স্বাবলম্বী ও মূলধারার অর্থনীতিতে পুনর্বাসিত করার লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের ‘ক্রেডিট হোলসেলিং প্রোগ্রাম’-এর আওতায় একটি বিশেষ ঋণ পণ্যের আনুষ্ঠানিক উদ্বোধন এবং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিশেষ ঋণ কর্মসূচি বাস্তবায়নের জন্য একমাত্র আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কর্মসংস্থান ব্যাংক-কে বেছে নিয়ে চুক্তি স্বাক্ষর করা হয়।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), বাংলাদেশ সরকার, সুইজারল্যান্ড সরকার এবং এসএমই ফাউন্ডেশনের যৌথ কারিগরি সহায়তায় এই বিশেষ ঋণ কর্মসূচিটি চালু করা হয়েছে। দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতার কারণে এই প্রকল্পের জন্য একমাত্র ব্যাংক হিসেবে কর্মসংস্থান ব্যাংক-কে নির্বাচিত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ। সম্মানিত অতিথি (Guest of Honor) হিসেবে উপস্থিত ছিলেন আইএলও (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর Mr. Max Tunon, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর মিসেস নুরুন নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুন নাসের। প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিদেশফেরত অভিবাসী কর্মীরা আমাদের রেমিট্যান্স যোদ্ধা। তারা দেশে ফিরে যাতে পুঁজির অভাবে হারিয়ে না যান, বরং নিজেদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে উদ্যোক্তা হতে পারেন, সেজন্য এই বিশেষ ঋণ পণ্যটি অত্যন্ত সময়োপযোগী। কর্মসংস্থান ব্যাংকের দেশব্যাপী সেবা কাঠামোর মাধ্যমে এই ঋণ প্রকৃত সুবিধাভোগীদের দোরগোড়ায় পৌঁছাবে বলে আমি বিশ্বাস করি। কর্মসূচির উদ্যোক্তারা জানান, বিদেশফেরত কর্মীদের দোরগোড়ায় দ্রুত ও সহজ শর্তে ঋণ সুবিধা পৌঁছে দিতে একটি নিবেদিত ও দক্ষ প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রয়োজন ছিল। কর্মসংস্থান ব্যাংক দীর্ঘকাল ধরে তৃণমূল পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং যুব উন্নয়ন ও ক্ষুদ্র উদ্যোগে ঋণ বিতরণে বিশেষ দক্ষতা প্রদর্শন করে আসছে। এই সফল ট্র্যাক রেকর্ড এবং প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকের শাখা নেটওয়ার্কের কারণেই এটিকে একমাত্র অংশীদার ব্যাংক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর মাধ্যমে বিদেশফেরত কর্মীরা একক প্রাতিষ্ঠানিক ছাতার নিচে দ্রুততম সময়ে ঋণ ও আর্থিক পরামর্শ সুবিধা পাবেন, যা এই পুনর্বাসন প্রকল্পকে সফল করতে সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখবে।কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পক্ষ হতে শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো আনোয়ার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইএলও-এর প্রতিনিধি,বিসিকের চেয়ারম্যান, বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী, বিদেশফেরত অভিবাসী, আমন্ত্রিত গণমাধ্যমকর্মী এবং কর্মসংস্থান ব্যাংকের ডিজিএম মো: মশিউর রহমান, এসপিও মো: আব্দুল্লাহ আল বাকের উপস্থিত ছিলেন। |







