নওগাঁয় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নওগাঁ জেলার সাপাহার উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, তিল ও মুগ ডালের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ১৫ এপ্রিল, ২০২৬ বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুনিরুজ্জামান টকি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাপাহার উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন বলেন, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ২২০০জন কৃষকের মধ্যে এ প্রণোদনা বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রোপা আমন ধানের জন্য কৃষকদের প্রতিজনকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

এছাড়া তিল ও মুগ ডাল চাষের জন্য নির্ধারিত কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ ও সার সরবরাহ করা হয়েছে।উপজেলার ছয়টি ইউনিয়ন সাপাহার, গোয়ালা, তিলনা, আইহাই, পাতাড়ী ও শিরন্টি এর কৃষকদের এ সহায়তার আওতায় আনা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের প্রণোদনা দিতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।