| নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজে ভেজাল কীটনাশক ও সার তৈরি এবং প্যাকেটজাত করে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ নকল সার ও কীটনাশক তৈরির কাঁচামাল, সরঞ্জামাদি ও প্রস্তুতকৃত ভেজাল কীটনাশক ও সার জব্দ করে ধ্বংস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার পাইকুরা ইউনিয়নের মিয়া হোসেন মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।
উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পেচুন্দুরী গ্রামের আবুল হোসাইনের ছেলে মো. আকাইদ হোসাইনের দুটি গুদামে তল্লাশি চালানো হয়। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোণা কর্তৃক অনুমোদিত বালাইনাশক ডিলার হলেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল সার ও ভেজাল কীটনাশক প্যাকেটজাত এবং বাজারজাত করে কৃষকের কাছে বিক্রির অভিযোগ হয়েছে। অভিযানে দুটি গুদাম থেকে প্রায় ২০০ বস্তা সার তৈরির কাঁচামাল ও সরঞ্জামাদি এবং ১০ বস্তা নকল কীটনাশক উদ্ধার করা হয়। পরে জব্দকৃত এসব ভেজাল পণ্য ও কাঁচামাল বিনষ্ট করা হয়েছে করা হয়। এ ঘটনায় বালাইনাশক আইন, ২০১৮-এর ২৯(২) ধারায় মো. আকাইদ হোসাইনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা। এ সময় কেন্দুয়া থানা পুলিশের সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। |







