নবনিযুক্ত মহাপরিচালক শাহজামান খানকে আহকাবের ফুলেল শুভেচ্ছা

প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) নবনিযুক্ত মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ শাহজামান খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে এনিমেল হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)। রোববার (১২ এপ্রিল ২০২৬) সংগঠনটির নেতৃবৃন্দ রাজধানীর ফার্মগেটে অবস্থিত প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে নবনিযুক্ত মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় আহকাব নেতৃবৃন্দ বলেন, দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিতকরণে মহাপরিচালক হিসেবে শাহজামান খানের অভিজ্ঞতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

উল্লেখ্য, এর আগে সরকার প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রশাসনিক কার্যক্রম জোরদার করতে মোঃ শাহজামান খানকে মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ প্রদান করে। তিনি এর আগে অধিদপ্তরের কৃত্রিম প্রজনন দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কৃষিবিদ শাহজামান খান দীর্ঘ কর্মজীবনে প্রাণিসম্পদ খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই নিয়োগে সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি হয়েছে।