| কৃষি উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বরিশালে বীজ, সার ও বালাইনাশক ডিলারদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ জুন) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, বরিশালে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম। প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রি বরিশালের সম্মানিত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান।
প্রশিক্ষণে বরিশাল অঞ্চলের বীজ, সার ও বালাইনাশক ডিলাররা অংশগ্রহণ করছেন। কৃষি উপকরণের সঠিক ব্যবহার, নিরাপদ সংরক্ষণ, কৃষকদের কাছে মানসম্মত উপকরণ সরবরাহ এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ডিলারদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা যায়, প্রশিক্ষণ কর্মসূচিটি ব্রি’র পার্টনার প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে এবং এতে সহযোগিতা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চল। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কৃষি উপকরণের সুষ্ঠু ব্যবস্থাপনা, ফসল উৎপাদনে সুষম সার ব্যবহারের গুরুত্ব এবং বালাইনাশকের নিরাপদ ও কার্যকর প্রয়োগ সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উপকরণের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বীজ, সার ও বালাইনাশক ডিলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি পেলে কৃষকরাও অধিকতর উপকৃত হবেন এবং নিরাপদ ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। |







