| বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে আজ ০৬ জুলাই ২০২৬ বিকাল ৩:০০ টায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত বি.এস.জি.(অনার্স) লেভেল-১, সিমেস্টার-১ (জানুয়ারি-জুন/২০২৬) এর নবীন শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন-২০২৬’ এবং কৃতি শিক্ষার্থীদের ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহিদুল হক।
কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মজিবুর রহমানের সভাপতিত্বে এবং এসিস্ট্যান্ট প্রফেসর ড. শিরীন আক্তার ও ড. মোহাম্মদ মাসুদ রানা’র যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন ওরিয়েন্টেশন- ২০২৬ এর সমন্বয়ক কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মাসুম আহমাদ। তিনি কৃষি অনুষদের পরিচিতি ও গৌরবময় ইতিহাস তুলে ধরেন। এসময়ে কৃষি অনুষদের উপর একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন বাউরেস পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান, প্রফেসর ড. মাহফুজা জাহান প্রমুখ। উক্ত অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কৃতি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিস্বরূপ ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান। অনুষদের মেধা তালিকায় অনন্য কৃতিত্ব অর্জনের জন্য ১২জন কৃতি শিক্ষার্থীর হাতে এই সম্মাননা মেডেল ও সনদ তুলে দেয়া হয় । এসময় অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষে দুইজন ছাত্র-ছাত্রী তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং অনুষদীয় নেতৃবৃন্দ নবীনদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে বিভাগীয় প্রধানদেরকে পরিচয় করিয়ে দেয়া হয় এবং বিভাগীয় প্রধানদের পক্ষে বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. মো: হাবীবুর রহমান, প্রফেসর ড.আবু জোফার মো: মোসলেহ উদ্দিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন যে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি শিক্ষার অগ্রদূত এবং কৃষি বিপ্লবের অন্যতম প্রাণকেন্দ্র। তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে ভর্তিকৃত নবীন ছাত্র-ছাত্রীদেরকে আধুনিক ও স্মার্ট কৃষি প্রযুক্তিতে দক্ষ হয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে আহবান জানান। তিনি নবীনদের উদ্দেশ্যে আরও বলেন যে, এই বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করার ক্ষেত্র রয়েছে এবং তাদেরকে সেই সুযোগ গ্রহণ করতে হবে। তিনি ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অন্যাদেরকেও পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, অনুষ্ঠানে কৃষি অনুষদে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ৩২০ জন নবীন শিক্ষার্থী, তাঁদের অভিভাবকবৃন্দ, অনুষদীয় শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। |







