| বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর বন ইউনিটের উদ্যোগে এবং পার্টনার প্রোগ্রামের অর্থায়নে ‘Greenhouse Gas Accounting and Energy Management (Based on ISO 14064 Part 1 & 2 and ISO 50001) and Environmental Management System (EMS) ISO 14001:2015’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি বর্তমানে চলমান রয়েছে।
গতকাল ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএআরসি’র সভাকক্ষ-১ এ প্রশিক্ষণটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সম্মানিত নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আব্দুছ ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরসি’র প্রশাসন ও অর্থ বিভাগের সদস্য পরিচালক ড. মোঃ ছায়ফুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোঃ আশরাফুল আলম, এজেন্সি প্রোগ্রাম ডাইরেক্টর, এপিসিইউ–বিএআরসি, পার্টনার এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগ, বিএআরসি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ড. যাকীয়াহ্ রহমান মনি, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, পুষ্টি ইউনিট, বিএআরসি। এই প্রশিক্ষণে নার্সভুক্ত প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার মোট ২৫ জন বিজ্ঞানী ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন। পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে গ্রিনহাউস গ্যাস নির্গমন হিসাবায়ন, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক মানদণ্ডভিত্তিক (ISO) এনার্জি ও পরিবেশ ব্যবস্থাপনা ব্যবস্থা (EMS) এবং টেকসই উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও ব্যবহারিক ধারণা প্রদান করা হচ্ছে। আয়োজকরা মনে করছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা পরিবেশবান্ধব, জ্বালানি-দক্ষ ও টেকসই ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নে আরও সক্ষমতা অর্জন করবেন, যা দেশের কৃষি গবেষণা ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। |







