বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ)-এর দ্বিবার্ষিক নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী গত ২০ ডিসেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সে নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে সংশোধিত তারিখ অনুযায়ী আজই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ২০২৫–২০২৭ মেয়াদের জন্য বিপিআইএ’র নেতৃত্ব নির্ধারণে এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট ১৯টি পদের বিপরীতে একটি প্যানেল পূর্ণ প্যানেল দিয়ে এবং অন্যটি আংশিক প্যানেল নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে।
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের মতে, বর্তমান সময়ে উৎপাদন ব্যয় বৃদ্ধি, কাঁচামাল সংকট ও বাজার ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কার্যকর ভূমিকা রাখতে শক্ত ও দূরদর্শী নেতৃত্ব জরুরি। সে কারণেই এবারের নির্বাচনকে শিল্পের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, বিপিআইএ দেশের পোল্ট্রি শিল্পের অন্যতম শীর্ষ ও পুরাতন সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে খামারি ও উদ্যোক্তাদের স্বার্থ রক্ষায় এবং সরকারের সঙ্গে শিল্পের সমন্বয়কারী হিসেবে কাজ করে আসছে। আজকের এই ভোটের মাধ্যমে সংগঠনটির আগামী দিনের নেতৃত্ব নির্ধারিত হবে।







