বিসিএস (পশুসম্পদ) ক্যাডারে শুধুমাত্র সমন্বিত ডিগ্রিধারীদের (BSc in Veterinary Science and Animal Husbandry) মাধ্যমে নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের প্রাণিসম্পদ খাতের তিনটি সংগঠন—বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি সোসাইটি, বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন। প্রাণিসম্পদ খাতে সৃষ্ট এই নতুন বৈষম্যমূলক পরিস্থিতি নিয়ে তিন সংগঠনই একযোগে প্রজ্ঞাপনটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন (স্মারক নং: ৩৯.০০.০০০০.১১৭.৯৯.০১৩.২৪-৬২০, তারিখ: ০৫ নভেম্বর ২০২৪) অনুযায়ী, বিসিএস (পশুসম্পদ) ক্যাডারে ভবিষ্যতে শুধুমাত্র বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রিধারীরাই আবেদন করতে পারবেন। এর মাধ্যমে দেশের দুটি স্বতন্ত্র ডিগ্রি—ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (DVM) এবং অ্যানিমেল হাজবেন্ড্রি (AH)— কার্যত একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিন সংগঠনের মতে, এই সিদ্ধান্তটি “অযৌক্তিক, বৈষম্যমূলক এবং পেশাগতভাবে অগ্রহণযোগ্য”। তারা মনে করে, দেশের উন্নয়নধারায় যেখানে বিশেষায়িত দক্ষ জনবল তৈরির প্রয়োজন, সেখানে দুটি স্বতন্ত্র বিদ্যাকে কৃত্রিমভাবে একীভূত করা জাতীয় স্বার্থবিরোধী এবং প্রাণিসম্পদ খাতের অগ্রযাত্রার জন্য মারাত্মক হুমকি।
বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়েছে, “এই সিদ্ধান্ত হাজারো তরুণ প্রাণিসম্পদ গ্র্যাজুয়েটের ভবিষ্যৎ নিয়ে এক অদূরদর্শী ও বৈষম্যমূলক পদক্ষেপ। দেশের প্রাণিসম্পদ উৎপাদন, পুষ্টি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে প্রতিটি ক্ষেত্রে নিজ নিজ বিষয়ে বিশেষজ্ঞ নিয়োগই হতে হবে অগ্রাধিকার।”

অন্যদিকে, বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি সোসাইটি এবং অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন জানিয়েছে, “ভেটেরিনারি মেডিসিন প্রাণীর রোগ নিরাময়ে কাজ করে, আর অ্যানিমেল হাজবেন্ড্রি প্রাণি উৎপাদন, পুষ্টি, প্রজনন ও ব্যবস্থাপনায় দক্ষ জনবল তৈরি করে। এই দুই বিদ্যাকে একীভূত করার চেষ্টা শুধু বৈষম্য নয়, বরং সেক্টরের পেশাগত মর্যাদার উপর আঘাত।”
তারা আরও বলেন, দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নের জন্য প্রয়োজন “প্রাণি উৎপাদন” ও “প্রাণিচিকিৎসা”—এই দুই শাখাকে স্বতন্ত্রভাবে বিকশিত করা, একীভূত নয়।
প্রতিবাদলিপিতে তিন সংগঠনের পক্ষে স্বাক্ষর করেছেন—
- বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি সোসাইটি: সভাপতি মাহবুব হাসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
- বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশন: আহ্বায়ক মোঃ নুরু মিয়া ও সদস্য সচিব প্রফেসর ডঃ মোঃ আশিকুল ইসলাম।
- বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন: সভাপতি প্রফেসর ড. মোঃ আবুল হোসেন ও মহাসচিব মোঃ রফিকুল ইসলাম খান ডন।
প্রতিবাদলিপিগুলো ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যা প্রাণিসম্পদ পেশাজীবীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

প্রাণিসম্পদ খাতের ভবিষ্যৎ ও তরুণ গ্র্যাজুয়েটদের ন্যায্য অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ তিন সংগঠন স্পষ্টভাবে জানিয়েছে—প্রজ্ঞাপনটি শুধু দুটি স্বতন্ত্র পেশাকে অবমূল্যায়নই নয়, বরং দেশের প্রাণিসম্পদ উন্নয়নের অগ্রযাত্রাকেও বাধাগ্রস্ত করবে। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “এই অযৌক্তিক ও বৈষম্যমূলক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (DVM) ও অ্যানিমেল হাজবেন্ড্রি (AH) — উভয় শাখার গ্র্যাজুয়েটদের যোগ্যতার ভিত্তিতে বিসিএস (পশুসম্পদ) ক্যাডারে সমান সুযোগ নিশ্চিত করতে হবে।” সংগঠনগুলোর মতে, প্রাণিসম্পদ খাতের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন প্রাণি চিকিৎসা ও প্রাণি উৎপাদন—দুই ক্ষেত্রের বিশেষজ্ঞরা নিজ নিজ দায়িত্বে সমান মর্যাদায় কাজ করতে পারবেন।







