| রাজশাহীতে খরিপ-১/২০২৬-২৭ মৌসুমের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে আজ সোমবার ১২ জানুয়ারি সকাল ১০টায় রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নাসির উদ্দিন। এতে রাজশাহী জেলার বিভিন্ন কৃষি সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, বিসিআইসি সার ডিলার, কীটনাশক ডিলার, কৃষি উদ্যোক্তা ও অন্যান্য অংশীজনরা উপস্থিত ছিলেন। সভায় রাজশাহী জেলার খরিপ-১ মৌসুমের প্রস্তাবিত কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয় এবং তা নিয়ে বিস্তারিত আলোচনা ও বিশ্লেষণ করা হয়। কৃষি গবেষণা ইনস্টিটিউট, বিএডিসি, বীজ প্রত্যয়ন এজেন্সি, বিএমডিএ, হর্টিকালচার সেন্টার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, ফল গবেষণা ইনস্টিটিউট, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এবং কৃষি তথ্য সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মপরিকল্পনা ও কর্মকৌশল তুলে ধরেন। সভাপতির বক্তব্যে কৃষিবিদ মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল উৎপাদনের মাধ্যমে জমির অপচয় রোধ করে অধিক ফলন নিশ্চিত করতে হবে। গবেষণা প্রতিষ্ঠানগুলোকে অধিক ফলনশীল, রোগবালাই প্রতিরোধী ও উন্নত জাত উদ্ভাবনে আরও গুরুত্ব দিতে হবে।” তিনি উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিতভাবে সার ও বীজ ডিলারদের কার্যক্রম পর্যবেক্ষণের ওপর বিশেষ তাগিদ দেন। এছাড়াও সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ মাঠ পর্যায়ে যথাযথভাবে বাস্তবায়ন ও তদারকির নির্দেশনা প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, কৃষিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সভায় খাদ্য উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্যের বিপণন ব্যবস্থা উন্নয়ন এবং কৃষিখাতে বিদ্যমান ও সম্ভাবনাময় সুযোগ নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। |







