| প্রাণিসম্পদ ও পোল্ট্রি খাতে দেশের শীর্ষস্থানীয় ফিড প্রস্তুতকারী প্রতিষ্ঠান আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড ময়মনসিংহের শম্ভূগঞ্জ এলাকায় নতুন ডিপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ডিপোটির কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের সিএফও মোহাম্মদ মাহমুদ হাসান, সিএফএ ফিতা কেটে নতুন ডিপোর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, স্থানীয় খামারিদের কাছে উন্নতমানের ফিড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই নতুন ডিপো স্থাপনের মূল উদ্দেশ্য। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন ও জাতীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে আফতাব ফিড দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে আফতাব ফিডের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে নতুন ডিপোর কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন। উপস্থিত ছিলেন হেড অব ডিস্ট্রিবিউশন আতিকুল ইসলাম, কৃষিবিদ মো. মেহেবুবুল ইসলাম, ডা. আদনান কামাল, ন্যাশনাল সেলস কোঅর্ডিনেটর লিটন হোসেন, নিউট্রিশনিস্ট আবু সাইদ আকাশ, আরএসএম মো. শাহিনুজ্জামানসহ ময়মনসিংহ সেলস টিমের সদস্যরা।
নতুন এই ডিপো চালুর ফলে ময়মনসিংহ ও আশপাশের অঞ্চলের পোল্ট্রি ও প্রাণিসম্পদ খামারিরা সময়মতো মানসম্মত ফিড সরবরাহ পাবেন, যা উৎপাদন বৃদ্ধি ও খামার ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। |








