মাছের রোগ নির্ণয় ও চিকিৎসায় খুলনায় প্রথম ‘মৎস্য হাসপাতাল’ উদ্বোধন

খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা বটতলা মোড়ে প্রথমবারের মতো ব্যক্তিমালিকানাধীন ‘ফিস স্কয়ার মৎস্য হাসপাতাল’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) এ হাসপাতালের উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শাহ আলম সরকার। সেবামূলক এ উদ্যোগের উদ্যোক্তা আব্দুস সালাম বিশ্বাস।

অধ্যাপক শাহ আলম সরকার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “মানুষ অসুস্থ হলে যেমন হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ নেয়, তেমনি মাছের রোগ নিরাময়ে এই ধরনের হাসপাতাল একটি ব্যতিক্রমী ও প্রয়োজনীয় উদ্যোগ। এখান থেকে স্থানীয় ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের খামারিরা বিনামূল্যে সেবা পেয়ে উপকৃত হবেন।”

হাসপাতালটিতে মাছের রোগ বালাই, পানির গুণাগুণ, ফিড ব্যবস্থাপনা ও মাছ চাষসংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ ও সেবা দেওয়া হবে। মাছ চাষিদের জন্য এটি একটি নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা প্রকাশ করেন উদ্যোক্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক মো. সুরাত আলী, ফিস স্কয়ারের মার্কেটিং ও সেলস অফিসার মো. ইয়াসিন বিশ্বাস, হযরত সরদার, মো. শফিকুল ইসলাম গাজীসহ অন্যরা।