| রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস অনুষদের উদ্যোগে “প্রাণিস্বাস্থ্য ও উৎপাদনে উদ্ভাবন, প্রয়োগ এবং ভবিষ্যৎধারা” প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে ১ম ভেটেরিনারি ও প্রাণিজ বিজ্ঞান সম্মেলন–২০২৫। ২৯ নভেম্বর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম একাডেমি ভবনে শুরু হওয়া এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. মোঃ লুৎফর রহমান। সম্মেলনে সম্মানিত অতিথি এবং মূল প্রবন্ধ উপস্থাপনকারী হিসেবে যুক্ত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাণিস্বাস্থ্য ও উৎপাদন খাতে উদ্ভাবন, আধুনিক গবেষণা এবং প্রযুক্তির ব্যবহার দেশের খাদ্যনিরাপত্তা ও অর্থনীতিতে নতুন সম্ভাবনার পথ উন্মোচন করবে। তারা আরও উল্লেখ করেন, ভেটেরিনারি ও প্রাণিজ বিজ্ঞান দেশের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নের অন্যতম ভিত্তি, যা যুগোপযোগী গবেষণা ও দক্ষ মানবসম্পদের মাধ্যমে আরও শক্তিশালী হবে। সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্প খাতের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং পেশাজীবীরা অংশ নেন। দিনব্যাপী সম্মেলনে প্রাণিস্বাস্থ্য, উৎপাদন, রোগ ব্যবস্থাপনা, জেনেটিক উন্নয়নসহ খাত সংশ্লিষ্ট নানা বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান করা হয়। |







