| তিন দিনব্যাপী ৬ষ্ঠ AHCAB আন্তর্জাতিক এক্সপো ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার ১০ জানুয়ারি ২০২৬ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আন্তর্জাতিক প্রদর্শনীর পর্দা নামে। Animal Health Companies Association of Bangladesh (AHCAB) আয়োজিত এবারের এক্সপোতে দেশি ও বিদেশি অংশগ্রহণকারীদের ব্যাপক উপস্থিতি ছিল। “সুস্থ প্রাণী, সমৃদ্ধ জাতি” থিমে আয়োজিত এই এক্সপো প্রাণিস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও জাতীয় উন্নয়নের গুরুত্বকে নতুন করে তুলে ধরেছে। উক্ত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. আবু সুফিয়ান, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)-এর কনভেনর মশিউর রহমান।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আবু সুফিয়ান বলেন, “এই এক্সপো প্রমাণ করেছে যে বাংলাদেশের প্রাণিস্বাস্থ্য খাত এখন আন্তর্জাতিক মানে পৌঁছাতে প্রস্তুত। আধুনিক ভেটেরিনারি প্রযুক্তি, মানসম্মত ভ্যাকসিন ও বায়োসিকিউরিটি ব্যবস্থার প্রসারে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদার করা প্রয়োজন। এ ধরনের আন্তর্জাতিক আয়োজন জ্ঞান বিনিময়, বিনিয়োগ এবং রপ্তানি সম্ভাবনা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, সুস্থ প্রাণিসম্পদ নিশ্চিত করা মানেই নিরাপদ খাদ্য উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা। বিশেষ অতিথি বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)-এর কনভেনর মশিউর রহমান বলেন, “২০১২ সালে যে মেলা ছোট পরিসরে শুরু হয়েছিল, আজ তা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে। স্টলের সংখ্যা ও বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণই আহকাবের অগ্রগতির প্রমাণ।” সমাপনী বক্তব্যে AHCAB-এর সভাপতি মি. সায়েম হক বলেন, “৬ষ্ঠ আন্তর্জাতিক এক্সপো প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছে। আন্তর্জাতিক অংশগ্রহণ ও ব্যবসায়িক সংযোগের মাধ্যমে প্রাণিস্বাস্থ্য খাতে বিনিয়োগ ও উদ্ভাবনের নতুন দ্বার উন্মোচিত হয়েছে।” এবারের এক্সপোতে ১৪টি দেশ থেকে অংশগ্রহণ প্রত্যাশিত ছিল। প্রদর্শনীতে ছিল ১২৮টি বিদেশি স্টল, ৬৫টি আন্তর্জাতিক প্রদর্শক এবং দেশের শীর্ষস্থানীয় স্থানীয় কোম্পানি ও প্রতিষ্ঠানসমূহ। আধুনিক ভ্যাকসিন, ওষুধ, ফিড সলিউশন, ডায়াগনস্টিকস ও প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে খামারি ও উদ্যোক্তারা নতুন দিকনির্দেশনা পেয়েছেন বলে আয়োজকরা জানান। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ২০২৬ এক্সপোর উদ্বোধন করা হয় আইসিসিবি-তে। তিন দিনব্যাপী এই আয়োজনে প্রদর্শনীর পাশাপাশি বিশেষজ্ঞ সংলাপ ও নেটওয়ার্কিং কার্যক্রম অনুষ্ঠিত হয়, যা প্রাণিস্বাস্থ্য খাতের অংশীজনদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। |







