সাভারে কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাব পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব

০৮ ডিসেম্বর ২০২৫, সাভার: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের সাভারে অবস্থিত কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি পরিদর্শন করেন। দুপুরে অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি দেশের উচ্চ জেনেটিক মানসম্পন্ন ব্রীডিং বুল থেকে সিমেন উৎপাদন, সংরক্ষণ ও বিতরণের পূর্ণাঙ্গ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে ল্যাবরেটরির সার্বিক কার্যক্রম, কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশের গবাদিপশুর জেনেটিক মান উন্নয়ন, ব্রীডিং বুল ব্যবস্থাপনা, উন্নয়ন কৌশল এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার—এসব বিষয়ে বিস্তারিত পাওয়ার পয়েন্ট উপস্থাপনা দেন মোঃ শানে খোদা, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, সাভার।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ শাহজামান খান, পরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর; বেগম শামসুন্নাহার আহমেদ, পরিচালক (সম্প্রসারণ); ডা. মোঃ বয়েজার রহমান, পরিচালক (প্রশাসন); ডাঃ মেহেদী হাসান ভূঁইয়া, উপপরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র ঢাকা; ডঃ মোঃ গোলাম আজম, পিএসও, এনিমেল ব্রিডিং, সাভার, ঢাকা এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ল্যাবরেটরির বিভিন্ন ইউনিট ঘুরে দেখে দেশের গবাদিপশুর জেনেটিক মানোন্নয়নে কৃত্রিম প্রজনন কার্যক্রমের অগ্রগতি ও সম্ভাবনা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন সচিব। তিনি ভবিষ্যতে এই কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।