| আগামী ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার, সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদযাপিত হবে ‘বিশ্ব ডিম দিবস-২০২৫’। দিবসটির গুরুত্ব অনুধাবন করে প্রতি বছরের ন্যায় এবারও প্রাণিসম্পদ অধিদপ্তর, ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) যৌথভাবে সারা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসটি উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), খামারবাড়ি, ঢাকায় আয়োজিত মূল অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মসিউর রহমান, সভাপতি, বিপিআইসিসি এবং ড. শাকিলা ফারুক, মহাপরিচালক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের। দিবসের মূল প্রতিপাদ্য “ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন”—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে ডিমের পুষ্টিগুণ, নিরাপদ উৎপাদন ও ভোক্তা সচেতনতা বিষয়ে আলোচনা হবে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রফেসর ড. মোঃ ইলিয়াস হোসেন, পোল্ট্রি বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং প্রফেসর ড. মোঃ মাহমূদুল হাসান শিকদার, ফার্মাকোলজি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ড. এ বি এম খালেদুজ্জামান, পরিচালক (উৎপাদন), প্রাণিসম্পদ অধিদপ্তর; ডা. মোঃ সফিউল আহাদ সরদার, আহবায়ক, বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন; এবং শামসুন্নাহার নাহিদ মহুয়া, চিফ নিউট্রিশনিস্ট, বারডেম জেনারেল হাসপাতাল। বিপিআইসিসি সূত্রে জানা যায়, এবারের আয়োজনকে কেন্দ্র করে সারা দেশে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও খামার পর্যায়ে ডিমভিত্তিক সচেতনতা কার্যক্রম, র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামীকাল পর সারাদেশে একযোগে পালিত হবে পুষ্টিকর এই খাদ্য উপাদানের বিশ্বব্যাপী উদযাপনের দিন — বিশ্ব ডিম দিবস ২০২৫। |







