ঢাবি-বুয়েট-বাকৃবিকে পেছনে ফেলে দেশসেরা সরকারি বিশ্ববিদ্যালয়ের শিরোপা গাকৃবির দখলে

২০২৬ সালের টাইমস হায়ার এডুকেশন (THE) র‌্যাংকিংয়ে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। উচ্চশিক্ষার মান, গবেষণা কার্যক্রম, আন্তর্জাতিকীকরণ ও সাইটেশনের মানদণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এই গৌরব অর্জন করেছে নবীনতম এই সরকারি বিশ্ববিদ্যালয়টি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত এ তালিকায় বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ১৯টি সরাসরি র‍্যাঙ্কিংয়ে, আর বাকি ৯টি ‘রিপোর্টার’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত হয়েছে। সব বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮০০-এর পরের স্তরে।

তালিকায় দেশের সামগ্রিকভাবে সেরা অবস্থানে রয়েছে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যার অবস্থান ৮০১–১০০০ এর মধ্যে। একই স্তরে দ্বিতীয় অবস্থানে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) — যা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এক নম্বরে। তৃতীয় স্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চতুর্থ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

১০০১–১২০০ র‍্যাঙ্ক সীমার মধ্যে পঞ্চম স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপর ৬ষ্ঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ৭ম বুয়েট, ৮ম ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ৯ম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এবং ১০ম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)

এর বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (১১তম), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (১২তম) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) রয়েছে ১৩তম অবস্থানে।

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ শিক্ষার মান, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণার প্রভাব, আন্তর্জাতিক সম্পৃক্ততা ও সাইটেশনের ওপর ভিত্তি করে এই র‌্যাংকিং প্রকাশ করে।

এবারের বৈশ্বিক তালিকায় ৩,১১৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিশ্বের সেরা হিসেবে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং তৃতীয় স্থানে যৌথভাবে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়

গাকৃবির এ অর্জন দেশের উচ্চশিক্ষা খাতে এক নতুন দিগন্তের সূচনা বলেই মনে করছেন শিক্ষাবিদরা।