| সিলেটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুর রহিম-এর সঙ্গে কৃষি কর্মকর্তা ও কৃষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি সিলেট জেলার কৃষি বিষয়ক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন।
১৭ জানুয়ারি ২০২৬ সকালে মহাপরিচালক ডিএই, সিলেটের উপপরিচালকের কার্যালয়ের প্রশিক্ষণ হলে উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি হোটেল মেট্রোতে সিলেট অঞ্চলের বিসিএস কৃষি ক্যাডারের সকল সদস্যের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি সিলেট অঞ্চলের কৃষির সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে তিনি সিলেট জেলার জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার চলমান কৃষি কার্যক্রম পরিদর্শন করেন এবং উপস্থিত কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোঃ মোশাররফ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, সিলেটের প্রতিটি জমিকে তার উপযোগিতা অনুযায়ী চাষের আওতায় আনতে হবে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে জমির সঠিক ব্যবহার নিশ্চিত করে চাষাবাদ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, কৃষি ও কৃষকের সাফল্যই দেশের সামগ্রিক উন্নয়নের মূল ভিত্তি। তিনি আরও বলেন, মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার ব্যবহারের ওপর অধিক গুরুত্ব দিতে হবে। কৃষি এ দেশের চালিকাশক্তি এবং কৃষকরাই সবচেয়ে সম্মানিত মানুষ। কৃষকদের পাশে কৃষি বিভাগের সহায়তা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে। মহাপরিচালক জানান, আধুনিক চাষাবাদে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে এবং উন্নত কৃষি প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। তিনি গোয়াইনঘাট উপজেলায় উচ্চমূল্যের ফসল তরমুজের মাঠ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং স্থানীয় কৃষক-কৃষাণীদের সঙ্গে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। এ সময় সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা, মাঠপর্যায়ের কর্মী এবং স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। |







