| ঢাকা, ২৮ এপ্রিল ২০২৬: আলু চাষীদের উপযুক্ত মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে কৃষি বিপণন অধিদপ্তরের মডেল ঘরের গুরুত্ব শীর্ষক দিনব্যাপী সেমিনার আজ রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় শুরু হওয়া এ সেমিনারে সংশ্লিষ্ট খাতের কর্মকর্তা, বিশেষজ্ঞ ও অংশীজনরা অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল রহিম এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক নাসির উদ দৌলা। বক্তারা বলেন, আলু উৎপাদনের পর সংরক্ষণ ও সঠিক বিপণনের অভাবে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। এ ক্ষেত্রে আধুনিক মডেল ঘর স্থাপন ও ব্যবস্থাপনা কৃষকদের জন্য একটি কার্যকর সমাধান হতে পারে। তারা আরও বলেন, সংরক্ষণ সুবিধা বৃদ্ধি পেলে বাজারে সরবরাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের যথাযথ মূল্য পাবে। সেমিনারে আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ প্রযুক্তি এবং বিপণন ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষজ্ঞরা এ খাতে সরকারি ও বেসরকারি উদ্যোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, “আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত)” এর আওতায় কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। |







