কক্সবাজারে সামুদ্রিক মৎস্য গবেষণার অগ্রগতি পর্যালোচনা ও নতুন প্রকল্প প্রস্তাবনা নিয়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) কক্সবাজারস্থ সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের উদ্যোগে “বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা (২০২৫-২৬) ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা (২০২৬-২৭) প্রণয়ন” শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) কেন্দ্রের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুতফুর রহমান কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো. লতিফুল ইসলাম, ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. মো. খলিলুর রহমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. এসএম শরীফুজ্জামান। কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র।

কর্মশালার শুরুতে কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. মোহাম্মদ আশরাফুল হক ‘একনজরে সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের অর্জন’ শীর্ষক উপস্থাপনার মাধ্যমে কেন্দ্রের চলমান গবেষণা কার্যক্রম, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

দিনব্যাপী কর্মশালার দুটি কারিগরি অধিবেশনে মোট নয়টি গবেষণা প্রবন্ধ ও প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এর মধ্যে তিনটি ছিল নতুন গবেষণা প্রকল্পের প্রস্তাবনা, যা দেশের সামুদ্রিক মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

কর্মশালায় বিজ্ঞানী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, হ্যাচারি মালিক, টেকনিশিয়ান, সাংবাদিক, মৎস্যচাষি এবং জেলে প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাপনী পর্বে কেন্দ্র প্রধান ড. মোহাম্মদ আশরাফুল হক আগত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং সামুদ্রিক মৎস্য গবেষণাকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।