কলা খেলে কি সত্যিই ওজন বাড়ে? কী বলছেন পুষ্টিবিদ

আমাদের অনেকের কাছেই কলা প্রিয় ফল। কেউ নিয়মিতই প্রতিদিনের খাদ্যতালিকায় এটি রাখেন। আবার অনেকের ধারণা, বারবার কলা খেলে ওজন দ্রুত বেড়ে যায়, এমনকি ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে। কিন্তু সত্যিই কি এমনটা হয়? এ বিষয়ে মত দিয়েছেন কলকাতার পরিচিত পুষ্টিবিদ কোয়েল পাল চৌধুরী।

তিনি জানান, কলা হলো পুষ্টিগুণে ভরপুর একটি ফল। এতে রয়েছে প্রচুর পটাশিয়াম, ভিটামিন সি, ফোলেট, নিয়াসিন, কপার ও ম্যাগনেশিয়াম। এসব উপাদান শরীরকে শক্তি জোগায় এবং অসুস্থতা প্রতিরোধে সাহায্য করে। শুধু তাই নয়, কলায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ফাইটোনিউট্রিয়েন্ট প্রদাহ কমায়, ফলে শরীর থাকে সুস্থ ও সক্রিয়।

তাহলে প্রশ্ন হচ্ছে, কলা খেলে কি সত্যিই ওজন বাড়ে? পুষ্টিবিদের মতে, কলায় কার্বোহাইড্রেটের পরিমাণ তুলনামূলক বেশি। তাই যাদের ওজন স্বাভাবিক, তারা নিয়মিত একটি কলা খেলে উপকারই পাবেন। কিন্তু যাদের ওজন ইতিমধ্যেই বেশি বা বিএমআই অনেক উঁচু, তাদের ক্ষেত্রে প্রতিদিন কলা খাওয়া ওজন বৃদ্ধির কারণ হতে পারে।

এছাড়া, ডায়াবেটিস রোগীদের জন্য কলা খাওয়া একেবারেই নিরুৎসাহিত করেছেন কোয়েল পাল চৌধুরী। কারণ কলায় প্রাকৃতিক চিনি ও ক্যালোরি দুটোই বেশি, যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চাইলে এই ফল এড়িয়ে চলাই ভালো।

তিনি আরও বলেন, শুধু কলা নয়—যে কোনো খাবারই পরিমিত না খেলে ওজন বাড়তে পারে। আর ওজন কমাতে চাইলে প্রথমেই ফাস্টফুড, অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার, মিষ্টি, কোল্ড ড্রিংকস, আইসক্রিম ও চকোলেট খাওয়া বাদ দিতে হবে। পরিবর্তে বেশি করে শাকসবজি, ওটস, ব্রাউন রাইস, আটার রুটি ও ডালিয়া খেলে শরীর উপকৃত হবে।

তবে কেবল ডায়েট মেনে চললেই হবে না। প্রতিদিন অন্তত ৩০ মিনিট নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত জরুরি। জিমে গিয়ে কিংবা বাড়িতে ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করলেও ফল পাওয়া যাবে। এতে শুধু ওজনই কমবে না, বরং শরীরও হবে আরও ফিট ও সুস্থ।