চিলমারীতে ১৭০ জন সুফলভোগীর মাঝে বিনামূল্যে ২ হাজার ৫৫০টি হাঁস বিতরণ

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় বিনামূল্যে হাঁস বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প (ILDP)-এর আওতায় বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ উপজেলার নির্বাচিত ও প্রশিক্ষণপ্রাপ্ত ১৭০ জন সুফলভোগীর মাঝে এই হাঁস বিতরণ করা হয়।

প্রকল্পের আওতায় প্রতিজন সুফলভোগীকে ১৫টি করে হাঁস প্রদান করা হয়, যার মধ্যে ১৩টি স্ত্রী ও ২টি পুরুষ হাঁস অন্তর্ভুক্ত ছিল। এ হিসাবে মোট ২ হাজার ৫৫০টি হাঁস বিনামূল্যে বিতরণ করা হয়। হাঁস বিতরণ কর্মসূচিটি বাস্তবায়ন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, চিলমারী।

হাঁস বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ কুমার বসাক, প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব), উপজেলা পরিষদ, চিলমারী, কুড়িগ্রাম । অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, প্রকল্প পরিচালক ডা. নন্দ দুলাল টীকাদার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, ডা. শামসুর রহমান সুমনসহ সংশ্লিষ্ট এলএফএফ (LFF) কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নদীবিধৌত চর ও সীমান্তবর্তী এলাকার মানুষের জন্য হাঁস পালন একটি উপযোগী ও লাভজনক উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। প্রশিক্ষণের পাশাপাশি বিনামূল্যে হাঁস বিতরণ স্থানীয় পর্যায়ে টেকসই জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে উত্তরাঞ্চলের দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকায় প্রাণিসম্পদ খাতের উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসে কাজ করছে সরকার।