জেনারেল এগ্রোভেট লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত

কক্সবাজারের মনোরম পরিবেশে জেনারেল এগ্রোভেট লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল ২০২৬ ইং তারিখে হোটেল ইমপালস ওশান ভিউ-এ আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিষ্ঠানটির কর্মকর্তা, পরিবেশক ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আশরাফুল হক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, কক্সবাজার। তিনি তার বক্তব্যে দেশের মৎস্য ও কৃষি খাতে আধুনিক প্রযুক্তি প্রয়োগ, গবেষণা নির্ভর উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আহমদ ফজলে রাব্বি, সিনিয়র কনসালট্যান্ট ও নিউট্রিশনিস্ট কৃষিবিদ মোঃ আক্তারুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন তালুকদার ও মোঃ হাফিজ উদ্দিন। তারা তাদের বক্তব্যে খামার ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি, মানসম্মত ফিড ও সাপোর্ট সার্ভিস নিশ্চিত করার মাধ্যমে টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব মেহের আলী এবং ডিজিএম কৃষিবিদ মোঃ নাইমুদ্দিন জাবেদ। তারা প্রতিষ্ঠানের বিগত বছরের সাফল্য তুলে ধরার পাশাপাশি আগামী দিনের ব্যবসায়িক পরিকল্পনা, বাজার সম্প্রসারণ এবং গ্রাহকসেবা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

দিনব্যাপী এ সম্মেলনে বিক্রয় কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কৌশল নির্ধারণ, সেরা পরিবেশক ও কর্মকর্তাদের সম্মাননা প্রদানসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠানের বিক্রয় নেটওয়ার্ককে আরও শক্তিশালী করা এবং বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।