ড. মো. আব্দুর রাজ্জাকের মৃত্যুতে বিএসএ’র গভীর শোক

ঢাকা, ১২ এপ্রিল ২০২৬: দেশের প্রখ্যাত কৃষি বিজ্ঞানী ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর সাবেক নির্বাহী চেয়ারম্যান ড. মো. আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সীড এসোসিয়েশন (বিএসএ)।

বিএসএ’র অফিসিয়াল প্যাডে প্রকাশিত এক শোকবার্তায় জানানো হয়, ড. রাজ্জাক গত ৯ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, জামাতা, নাতি-নাতনি, অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, ড. মো. আব্দুর রাজ্জাক তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ছাড়াও বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই)-এর বিজ্ঞানী, কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ)-এর নির্বাহী চেয়ারম্যান এবং ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি)-এর ন্যাশনাল প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর সততা, নিষ্ঠা ও দক্ষ নেতৃত্ব কৃষি গবেষণা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এছাড়া তিনি বিসেফ ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং দেশি-বিদেশি নানা গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রমে অবদান রেখে বাংলাদেশের কৃষিখাতকে সমৃদ্ধ করেছেন।

ড. রাজ্জাকের মৃত্যুতে বিএসএ সভাপতি মোহাম্মদ মাসুম ও সাধারণ সম্পাদক আতাউস সোপান মালিক গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।