সাভারে নিউ হোপ ফিডমিল ও বুড়ি টেকনোলজির মতবিনিময় সভা, ডেইরি খাত উন্নয়নে প্রযুক্তি ব্যবহারে জোর

দেশের ডেইরি খাতের টেকসই উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে নিউ হোপ ফিডমিল বাংলাদেশ লিমিটেড এবং বুড়ি টেকনোলজি লিমিটেড যৌথভাবে সাভারে গোখাদ্যের পরিবেশক ও খামারিদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে।

সভায় ডেইরি সেক্টরের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে দুধ উৎপাদন বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন এবং আধুনিক খামার ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তির প্রয়োগ নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। অংশগ্রহণকারী খামারিরাও তাদের অভিজ্ঞতা ও সমস্যা তুলে ধরেন এবং সমাধানের বিষয়ে মতামত বিনিময় করেন।

মতবিনিময় সভা শেষে প্রতিনিধিদল মিল্ক ভিটা ঢাকা ফ্যাক্টরি পরিদর্শন করেন। এ সময় দুধ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং মান নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

ফ্যাক্টরি ম্যানেজার ডা. নজরুল ইসলাম দুধের গুণগত মান নিশ্চিতকরণে অনুসৃত বিভিন্ন প্রক্রিয়া ও মানদণ্ড সম্পর্কে তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, নিরাপদ ও মানসম্পন্ন দুধ উৎপাদনে আধুনিক প্রযুক্তি এবং সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ ডেইরি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং খামারিদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হবে। বিশেষ করে নিউ হোপ ফিডমিল বাংলাদেশ লিমিটেড ভবিষ্যতেও দেশের ডেইরি শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।