ভাসানচরে ডব্লিউএফপি পরিচালিত খাদ্য ও জীবিকাভিত্তিক কার্যক্রম পরিদর্শনে ইআরডি প্রতিনিধিদল

সম্প্রতি বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)–এর একটি প্রতিনিধিদল ভাসানচর পরিদর্শন করেছে। সফরের উদ্দেশ্য ছিল বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও এর অংশীদারদের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত খাদ্য, পুষ্টি ও জীবিকাভিত্তিক কার্যক্রমসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করা।

পরিদর্শনকালে প্রতিনিধিদলটি ডব্লিউএফপির ই-ভাউচার আউটলেট ও ফ্রেশ ফুড মার্কেট ঘুরে দেখেন, যেখানে রোহিঙ্গা পরিবারগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী পুষ্টিকর খাদ্যসামগ্রী বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে। এছাড়াও তারা চাল ফোর্টিফিকেশন ইউনিট পরিদর্শন করেন এবং পুষ্টিগুণ সমৃদ্ধ চাল প্রস্তুতকরণ ও মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পর্কে অবহিত হন।

সফরের অংশ হিসেবে প্রতিনিধিরা ভার্মি কম্পোস্টিং কার্যক্রমে যুক্ত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করেন। এ উদ্যোগে জৈব বর্জ্য ব্যবহার করে পরিবেশবান্ধব সার উৎপাদনের পাশাপাশি পরিবারগুলোর জন্য টেকসই আয়ের সুযোগ সৃষ্টি হচ্ছে।

পরিদর্শনকালে খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও পরিবারভিত্তিক কল্যাণ নিশ্চিতকরণে অর্জিত অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। এ সময় বিভিন্ন সরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য সহায়তা কার্যক্রম আরও জোরদার করতে ইআরডি ও সংশ্লিষ্ট সরকারি অংশীদারদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।