| রাজধানীর বনানীতে প্রাণীদের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদানের উদ্দেশ্যে একটি ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া)-এর উদ্যোগে স্থাপিত এই ক্লিনিকটির উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। ক্লিনিকটি বনানীর কে ব্লকের ২৪ নম্বর (লেকপাড়) সড়কের ১৮ নম্বর ভবনে অবস্থিত।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশকে সব প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রাণী ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ঢাকায় আহত ও অসুস্থ প্রাণীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবাও চালু রেখেছে বাওয়া। বাওয়ার নেতৃবৃন্দ বলেন, নতুন এই ক্লিনিক চালু হওয়ায় পথপ্রাণীসহ বিভিন্ন প্রাণীর জন্য বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা সহজ হবে। সময়মতো চিকিৎসা প্রদান সম্ভব হলে প্রাণহানি কমবে এবং প্রাণী সুরক্ষায় সাধারণ মানুষের সম্পৃক্ততাও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন। উদ্বোধন শেষে তারেক রহমান ক্লিনিকের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। সংগঠনটির দাবি, এই উদ্যোগ প্রাণীদের জন্য মানবিক ও সেবামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করবে। |







