মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে আজ (০৫ অক্টোবর ২০২৫) যমুনা নদীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। “মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫” চলবে ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত।
অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব নাহিয়ান নুরেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ সদস্যবৃন্দ, আনসার ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সুরাইয়া আক্তার তন্নী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও অভিযানে অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালীন অবৈধভাবে মাছ ধরার অপরাধে ১টি কারেন্ট জাল, ১টি বেড় জাল, ১০টি চায়না জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। জব্দকৃত জালের মোট দৈর্ঘ্য প্রায় ২০০০ মিটার বলে জানা গেছে। পরবর্তীতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে এসব অবৈধ জাল অগ্নিদগ্ধ করে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।







