নবনিযুক্ত মহাপরিচালক শাহ জামান খানকে বিপিআইএ’র ফুলেল শুভেচ্ছা

প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মো: শাহ জামান খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (বিপিআইএ)। ১৬ এপ্রিল রাজধানীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠানে বিপিআইএ’র একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। এসময় প্রতিনিধিদল নবনিযুক্ত মহাপরিচালকের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পোল্ট্রি খাতের সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

মতবিনিময়কালে প্রতিনিধিদল ডিম ও মুরগীর মাংসের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানায়। তারা উল্লেখ করেন, উৎপাদন খরচ বৃদ্ধি, বাজার ব্যবস্থাপনার সীমাবদ্ধতা এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাবের কারণে খামারিরা প্রায়ই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

এসময় পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধি, বাজার স্থিতিশীলতা বজায় রাখা এবং খামারি পর্যায়ে সহায়ক পরিবেশ তৈরির বিষয়েও গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে খাতটির সম্ভাবনাকে আরও কাজে লাগানোর ওপর জোর দেওয়া হয়।

উল্লেখ্য, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (বিপিআইএ) দেশের পোল্ট্রি খাতের অন্যতম শীর্ষ সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে খামারি ও উদ্যোক্তাদের স্বার্থ রক্ষায় কাজ করে আসছে।